উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলমগীর হোসেন বাচ্চু, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার হাজী মার্কেট প্রাঙ্গণে 'জগতপুর উপ-সহকারী কৃষি অফিসার ঐক্য ফোরাম'-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এতে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অনুষ্ঠানে এলাকার ২৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে উচ্চ ফলনশীল ধানের বীজ এবং ১০০ জন কৃষানীর মাঝে বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। কৃষি বান্ধব এ ব্যতিক্রমী আয়োজনে স্থানীয় কৃষক-কৃষানীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
জগতপুর উপ-সহকারী কৃষি অফিসার ঐক্য ফোরামের সভাপতি ও ডি কে আই বি (DKIB) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ তফাজল হোসেন রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উত্তর বাজার হাজী কফিল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা অরুণ, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন, সৌদি প্রবাসী মোঃ জাকির হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মোস্তফা কামাল, আবরার ট্রেডার্সের পরিচালক মোঃ শহিদুল হক জুয়েল এবং মালয়েশিয়া প্রবাসী মোঃ রুবেল নাগর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা কম খরচে অধিক ফসল উৎপাদন করতে পারবেন। পাশাপাশি বসতবাড়ির আঙিনায় ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা মেটানো ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। স্থানীয় কৃষক ও এলাকাবাসী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।