উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সির ফেয়ার লন এলাকায় একটি কার ওয়াশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ম্যাপল অ্যাভিনিউয়ে অবস্থিত ‘স্পিডার্স কার ওয়াশ’-এ এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ও উদ্ধারকর্মীদের বরাতে জানা গেছে, একটি ভারী ট্রাক্টর-ট্রেলার ম্যাপল অ্যাভিনিউ ধরে দক্ষিণ দিকে যাচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে সরাসরি কার ওয়াশ স্থাপনাটির ভেতরে ঢুকে পড়ে। এ সময় সেখানে থাকা কমপক্ষে পাঁচটি যাত্রীবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই ফেয়ার লন পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকর্মীরা ট্রাক এবং অন্য একটি গাড়ির মাঝখানে চাপা পড়া অবস্থায় এক ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান। এ ছাড়া আহত অবস্থায় অন্তত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে একাধিক সংস্থা। ফেয়ার লন পুলিশের সঙ্গে বার্গেন কাউন্টি প্রসিকিউটর অফিসের গোয়েন্দা, ‘ফ্যাটাল অ্যাক্সিডেন্ট টাস্ক ফোর্স’ এবং কাউন্টি শেরিফের ‘ব্যুরো অব ক্রিমিনাল আইডেন্টিফিকেশন’-এর সদস্যরা যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় এবং চালক কেন নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।