প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
থ্যাঙ্কসগিভিং ঘিরে নিউ জার্সিতে শক্তিশালী ঝড়ের আশঙ্কা, উপকূলীয় বন্যার সতর্কতা জারি
নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:
থ্যাঙ্কসগিভিং উৎসবকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে শক্তিশালী উপকূলীয় ঝড় ও বৈরী আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনভর প্রবল বর্ষণ, তীব্র দমকা হাওয়া এবং উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কায় রাজ্যজুড়ে এই সতর্কতা জারি করা হয়। বুধবার (২৫ নভেম্বর) নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক বার্তায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকেই নিউ জার্সির বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ সময় রাজ্যজুড়ে ১ থেকে ৩ ইঞ্চি এবং উপকূলীয় এলাকাগুলোতে ৪ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনভর তাপমাত্রা সর্বোচ্চ ১৩ ডিগ্রি থেকে সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার পূর্ব দিক থেকে ঘণ্টায় ২৭ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার গতিবেগ অভ্যন্তরীণ এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল এবং আটলান্টিক উপকূলীয় অঞ্চলে ৭০ মাইল ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র বাতাসের কারণে গাছপালা উপড়ে পড়া এবং বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকালের জোয়ারের সময় আটলান্টিক উপকূল ও ডেলাওয়্যার বে সংলগ্ন নিচু এলাকাগুলোতে মাঝারি থেকে বড় ধরনের উপকূলীয় বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। এতে উপকূলীয় ও নিচু সড়কগুলো জলমগ্ন হয়ে পড়তে পারে।
থ্যাঙ্কসগিভিং ছুটির দিনে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়ক ও বিমান যোগাযোগে বড় ধরনের বিপর্যয় ও বিলম্বের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি জলাবদ্ধ সড়ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বাসিন্দাদের প্রয়োজনীয় জরুরি সামগ্রী প্রস্তুত রাখার এবং বাড়ির বাইরের আলগা জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে এলেও দিনজুড়ে দমকা ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।