উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বদরুল মনসুর:
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের নবপ্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা এবং তরুণদের জন্য একটি সুন্দর, সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব’-এর শুভ উদ্বোধন ও নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
ক্লাবের প্রেসিডেন্ট জুবায়ের আহমেদের সভাপতিত্বে এবং স্পোর্টস অর্গানাইজার আকমল আলী ও জেনারেল সেক্রেটারি রুমন রেজা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই আনন্দঘন অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস স্পোর্টস সেন্টারের কর্মকর্তা থমাস ক্লার্ক, কমিউনিটি সংগঠক লিয়াকত আলী, ব্যবসায়ী জহির আহমেদ, সাংবাদিক সৈয়দ কাহের এবং তরুণ ব্যবসায়ী মুজিবুল হাসান নিউটন।
অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি মোঃ হায়দার, জয়েন্ট সেক্রেটারি এনাম আহমেদ, ট্রেজারার জাহিদ হাসান ও জয়েন্ট ট্রেজারার মোঃ রিয়াজ মুর্শেদসহ জুলফিকার হায়দার জুয়েল, নাজমুল আহমেদ, তানজু আহমেদ, রাজ বাহাদুর, রুমান আহমেদ, শামিম আহমেদ ও রায়হান আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুরসহ আমন্ত্রিত অতিথিরা অভিমত ব্যক্ত করে বলেন, খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস এবং সর্বোপরি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।