উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী সিনেটর নির্বাচিত হয়েছেন আবের কাওয়াস। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সি এই রাজনীতিক।
নির্বাচনে জয়ের পর নিউইয়র্কের একটি বারে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) কয়েকশ নেতাকর্মী ও সমর্থকের সামনে উচ্ছ্বসিত কণ্ঠে কাওয়াস বলেন, ‘আপনারা সবাই নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন।’
এ সময় সমর্থকদের কণ্ঠে ‘আবের! আবের! আবের!’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। তার পরনে ছিল সোনালি ও লাল রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্ম ‘তাতরিজ’ করা একটি ব্লেজার।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের ১২ নম্বর সিনেট নির্বাচনি এলাকা থেকে জয়ী হয়েছেন কাওয়াস। উত্তর-পশ্চিম কুইন্সের এই এলাকায় নিউইয়র্ক শহরের অন্যতম বৃহৎ আরব জনগোষ্ঠীর বসবাস। এখানকার প্রায় অর্ধেক বাসিন্দার জন্ম যুক্তরাষ্ট্রের বাইরে।
নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হান খোন তোকে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
জয়ের পর সমর্থকদের সঙ্গে উদযাপনের সময় ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানও ওঠে। এ সময় কাওয়াসের প্রচার দলের ডিএসএ সংগঠক স্তাইলিয়ানস কারোলিদিস বলেন, শুরুতে কাওয়াস মোটেও নির্বাচনে প্রার্থী হতে চাননি। তাকে রাজি করাতে ডিএসএ নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে অনুরোধ করতে হয়েছে।
নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি অঙ্গরাজ্যের আইনসভায় দায়িত্ব পালন করার সময় কাওয়াসের সঙ্গে কাজ করেছিলেন। ফলে তার সাংগঠনিক দক্ষতা সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল মামদানির।
কাওয়াস জানান, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে নিজের অবস্থানের সঙ্গে আপস না করে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে শুরুতে তার সংশয় ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন তাকে নির্বাচনে আসতে উৎসাহিত করে।
তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, ফিলিস্তিনপন্থি অবস্থানই নির্বাচনে অংশ নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
নির্বাচনে কাওয়াসের বিজয় ফিলিস্তিনপন্থি ও গণতান্ত্রিক সমাজতন্ত্রী প্রার্থীদের সাফল্যের ধারার অংশ। একই নির্বাচনে মিশিগান থেকে সিনেটর-নির্বাচিত হয়েছেন আবদুল এল-সায়েদ এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মেয়র-নির্বাচিত হয়েছেন নিত্যা রমন।
ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের নীতিবিষয়ক প্রকল্পের নির্বাহী পরিচালক মার্গারেট ডিরিউস বলেন, ‘এই মধ্যবর্তী নির্বাচন দেখিয়েছে, ফিলিস্তিনিদের অধিকারসহ মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়াও একটি নির্বাচনে জয়ী হওয়ার মতো রাজনৈতিক কর্মসূচি হতে পারে।’
শৈশবের সংগ্রাম থেকেই রাজনীতিতে আসা
কাওয়াসের বাবা-মা দুজনই ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। ১৯৪৮ সালে তার বাবা এবং ১৯৬৭ সালে মা নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হন। পরে জর্ডানে প্রতিবেশী হিসেবে বেড়ে ওঠা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করে ১৯৯০-এর দশকে শিশুপুত্রকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। পরবর্তী সময়ে তাদের সংসারে আরও তিন কন্যাসন্তানের জন্ম হয়। চার সন্তানের মধ্যে তৃতীয় আবের।
পরিবারের মধ্যমণি হয়ে বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে হাসতে হাসতে কাওয়াস বলেন, ‘এ কারণেই হয়তো রাজনীতিবিদের মতো অনেক কৌশল আমার জানা আছে।’
তবে তার শৈশব খুব একটা সহজ ছিল না। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তার বাবা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের (আইসিই) হাতে আটক হন। ৯/১১-পরবর্তী সময়ে নিউইয়র্কের মুসলিম পরিবারগুলোর জন্য এ ধরনের ঘটনা নিয়মিত হয়ে উঠেছিল বলে জানান তার মা মানাল আবু সামাহা।
বাবা আটক থাকায় পরিবারের সদস্যদের সপ্তাহান্তে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করতে হতো। এতে আর্থিক ও পারিবারিক সংকটে পড়ে পরিবারটি।
কাওয়াসের মা বলেন, ‘ইচ্ছা থাকুক বা না থাকুক, আমাকে কাজ করতে হয়েছে। একই সঙ্গে পরিবারের পুরুষ ও নারী, বাবা ও মা—সব দায়িত্বই পালন করতে হয়েছে।’
কৈশোরে পরিবারের সমস্যার কথা তুলে ধরতে তিনি নিউইয়র্কের অ্যালবানিতে আইনপ্রণেতাদের কাছে গিয়েছিলেন। তার বড় ভাইয়ের মতো কাগজপত্রহীন শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু সে সময় আইনপ্রণেতারা তার কথায় তেমন আগ্রহ দেখাননি বলে স্মৃতিচারণ করেন তিনি।
কাওয়াসের মতে, সেই অভিজ্ঞতাই তাকে অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হতে এবং পরবর্তী সময়ে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, ‘ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলার বিষয় নয়, বরং মানুষের বাস্তব ও তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণ করাই গুরুত্বপূর্ণ। সম্ভবত এটাই আমাকে নির্বাচনে আসার প্রাথমিক অনুপ্রেরণা দিয়েছে।’
মামদানি ও ডিএসএর সমর্থনে ঐতিহাসিক জয়
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ডিএসএর সমর্থন নিয়ে নির্বাচনি প্রচার চালান কাওয়াস। তার প্রচার শিবিরের দাবি, এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন, ফোন করেছেন এবং প্রচারে অংশ নিয়েছেন।
তাদের প্রচারের অন্যতম বিষয় ছিল সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা ও গণপরিবহন। পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি এবং দেশটির মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিও ছিল প্রচারের গুরুত্বপূর্ণ অংশ।
কাওয়াস জানান, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে—মামদানিকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এ অবস্থানই ভোটারদের আস্থা অর্জনে সহায়তা করেছে। মামদানির অভিজ্ঞতা দেখে তিনিও রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে আপস করার ভয় কাটিয়ে ওঠেন।
কমিউনিটি সংগঠক ডরিন মোহাম্মদ বলেন, ‘আমি আবের কাওয়াসকে ভোট দিয়েছি, কারণ ফিলিস্তিনের মুক্তির প্রশ্নটি যুক্তরাষ্ট্র ও নিউইয়র্কের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযুদ্ধ এবং মৌলিক প্রয়োজন থেকে আলাদা নয়। ফিলিস্তিনের পক্ষে আবেরের স্পষ্ট অবস্থানই আমাদের সর্বত্র আরও বেশি প্রয়োজন।’
তবে ফিলিস্তিনের পক্ষে কাওয়াসের অবস্থান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী সামি সুলায়মান বলেন, নির্বাচনি রাজনীতির প্রতি অনেকেরই যথার্থ সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সব ধরনের সহায়তা বন্ধ করতে এই নতুন রাজনৈতিক শক্তি কাজে লাগানো যাবে কি না, সেটিই হবে প্রকৃত পরীক্ষা।
কাওয়াসও স্বীকার করেছেন, এ ক্ষেত্রে আইনসভার নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘প্রকৃত চ্যালেঞ্জ হবে নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা। আইনসভায় আমরা (ডিএসএ) এখনও সংখ্যালঘু।’
প্রথম লক্ষ্য ইসরাইলি বসতি নিয়ে বিল পাস
সিনেটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাওয়াসের প্রথম অগ্রাধিকার হলো ‘নট অন আওয়ার ডাইম!’ (আমাদের অর্থে নয়) বিলটি নতুন করে উত্থাপন ও পাসের উদ্যোগ নেওয়া।
২০২৩ সালে তৎকালীন আইনপ্রণেতা জোহরান মামদানির সঙ্গে মিলে বিলটি তৈরি করেছিলেন তিনি। এর লক্ষ্য হলো, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের কর্মকাণ্ডে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধ করা।
এর আগে বিলটি প্রত্যাখ্যাত হলেও এখন তা আবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে উত্থাপন করা হয়েছে।
কাওয়াস মনে করেন, মানুষের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে পরিবর্তন সম্ভব। এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনব্যবস্থা বা অ্যাপার্টহাইডের অবসানে আন্দোলনকারীদের ভূমিকার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘মানুষের শক্তি যখন আপনার পেছনে থাকে, সেটিই আপনার সবচেয়ে বড় শক্তি। আর আপনাকে জবাবদিহি করতে হবে সেই মানুষের কাছেই।’