উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার বুড়িচং বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি, নিষিদ্ধ রঙ ব্যবহার এবং ডায়াগনস্টিক সেন্টারে ইচ্ছেমতো পরীক্ষার মূল্য আদায়ের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ ও যৌথ অভিযান দল।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বুড়িচং উপজেলার বুড়িচং বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, অভিযানকালে চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটর ভাজা ও চিপসে নিষিদ্ধ কাপড়ের রঙ (ইন্ডাস্ট্রিয়াল ডাই) এবং সিঁদুর রঙ ব্যবহারের প্রমাণ হাতেনাতে পাওয়া যায়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছিল।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘এস.এ. ফুড প্রডাক্টস (মুসলিম ফুড)’-কে ৯০ হাজার টাকা এবং ইচ্ছেমতো পরীক্ষার মূল্য রাখা ও জীবন বিপন্নকারী কার্যক্রম পরিচালনার দায়ে ‘আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং সংশোধনের সুযোগ দেওয়া হয়।
ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার জনাব জুয়েল মিয়া, ক্যাব কুমিল্লার সভাপতি জনাব আনোয়ার হোসেন চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশের একটি দল, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নিরাপদ খাদ্যের স্যাম্পল কালেক্টর মোঃ সাকিব।
নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।