উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ১৩ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে সিপিএসসি, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল। আটককৃতদের মধ্যে একজন মাদক কারবারি এবং অপরজন এক কিশোর বলে জানা গেছে।
গত রোববার (২২ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে (১৫:৩০ ঘটিকা) ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন রঘুরামপুর (বকুলতলা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের দুই যাত্রীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেখানো মতে হেফাজতে থাকা দুটি কাঁধের ব্যাগ তল্লাশি করে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— নেত্রকোনা জেলার বাসিন্দা মো. মামুনুর রশীদ মাহী ওরফে সাগর (২৮) এবং একই জেলার ১৫ বছর বয়সী এক কিশোর (তোফায়েল)।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।