উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মনির হোসেন:
সৃষ্টির আদিকাল থেকেই কিছু সংখ্যা মানুষের কৌতূহল ও গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ সংখ্যা হলো ‘সাত’ (৭)। পবিত্র কুরআন, হাদিস, মহাজাগতিক সৃষ্টিতত্ত্ব এবং আধুনিক বিজ্ঞানের নানা স্তরে এই সংখ্যাটির এমন এক অপূর্ব সামঞ্জস্য দেখা যায়, যা যেকোনো চিন্তাশীল মানুষকে মহান স্রষ্টার কুদরতের কথা স্মরণ করিয়ে দেয়।
মহাজাগতিক সৃষ্টি ও প্রকৃতিতে সাত:
আমাদের চারপাশের প্রকৃতি ও মহাবিশ্বের বিন্যাসের দিকে তাকালে দেখা যায়, আসমান সাতটি এবং জমিনের স্তরও সাতটি। সময় গণনার ক্ষেত্রে সপ্তাহের দিন সাতটি, পৃথিবীর মহাদেশ সাতটি এবং সমুদ্রও সাতটি। আকাশে রঙধনু উঠলে তাতে সাতটি রঙের সমাহার দেখা যায়, আবার পৃথিবীর প্রাচীন আশ্চর্যের সংখ্যাও সাতটি। এমনকি আকাশে যখন পাখিরা দল বেঁধে উড়ে যায়, তখন খেয়াল করলে দেখা যায় তারা অনেক সময় আরবি ‘৭’ (٧) আকৃতি তৈরি করে ডানা মেলে।
ইসলামী শরিয়ত ও ইবাদতে সাত:
ইসলামের মৌলিক ইবাদত ও বিধানগুলোতে সাত সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র কুরআনের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ সূরা ‘সূরা ফাতিহা’-এর আয়াত সংখ্যা সাতটি। ইসলামের অন্যতম স্তম্ভ কালিমায়ে শাহাদাতের মূল শব্দও সাতটি। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে পবিত্র কাবা ঘর সাতবার তাওয়াফ করতে হয়, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার সাঈ করতে হয় এবং শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হয়।
এছাড়া ইসলামে সন্তানদের ঠিক সাত বছর বয়স থেকেই নামাজের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। পরকালের হিসেবে জাহান্নামের দরজা সাতটি এবং কেয়ামতের কঠিন দিনে মহান আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন সাত শ্রেণীর সৌভাগ্যবান মানুষ।
আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে সাত:
ধর্ম ও প্রকৃতির পাশাপাশি আধুনিক বিজ্ঞানের নানা শাখাতেও সাত সংখ্যার উপস্থিতি বেশ লক্ষণীয়। বিজ্ঞানের তথ্যমতে, আলোর মূল রং সাতটি এবং অদৃশ্য আলোর বিকিরণও সাত প্রকার। এছাড়া পৃথিবীর মূল খনিজ পদার্থ সাতটি, পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের স্তর সাতটি এবং মহাকাশের নক্ষত্রের মূল ধরনও সাতটি।
সুন্দর ও প্রশান্তিময় জীবনের সাতটি আমল:
সৃষ্টিজগতের এই রহস্যের পাশাপাশি একজন মুমিনের ইহকাল ও পরকাল সুন্দর করার জন্য ইসলামী চিন্তাবিদগণ সাতটি বিশেষ আমলের প্রতি গুরুত্বারোপ করেছেন:
১. জীবনে প্রশান্তি লাভের জন্য: নিয়মিত সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং বেশি বেশি আল্লাহর জিকির করা।
২. শারীরিক ও মানসিক সুস্থতার জন্য: প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এবং প্রতি আরবি মাসের আইয়ামে বিজের (১৩, ১৪ ও ১৫ তারিখ) রোজা রাখা।
৩. রিজিক বৃদ্ধির জন্য: সর্বাবস্থায় বেশি বেশি ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) পাঠ করা।
৪. কষ্ট ও দুশ্চিন্তা দূর করার জন্য: মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা এবং ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ পাঠ করা।
৫. বিপদ-আপদ থেকে রক্ষার জন্য: সামর্থ্য অনুযায়ী বেশি করে দান-সাদকা করা।
৬. আল্লাহর রহমত ও ভালোবাসা পাওয়ার জন্য: মা-বাবার খেদমত করা এবং যারা অন্যায় করেছে তাদের ক্ষমা করে দেওয়া।
৭. সুন্দর ও ঈমানি মৃত্যুর জন্য: জীবনের প্রতিটি মুহূর্তে বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর জিকির করা।
সৃষ্টিজগতের এই নিখুঁত বিন্যাস নিঃসন্দেহে মহান আল্লাহর একত্ববাদ ও অসীম ক্ষমতারই বহিঃপ্রকাশ। এই নিদর্শনগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনকে সঠিক পথে পরিচালিত করাই প্রকৃত সার্থকতা।