উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন কুমিল্লা আদর্শ সদর উপজেলার প্রবীণ বিএনপি নেতা মোক্তল হোসেন সর্দারকে (৮০) সংবর্ধনা জানিয়েছে স্থানীয় বিএনপি। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর প্রতি এই শ্রদ্ধা জানানো হয়।
শনিবার (২১ নভেম্বর) রাতে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোক্তল হোসেন সর্দারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে ভিপি ওয়াসিমের নির্দেশনায় এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবীণ এই নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মোক্তল হোসেন সর্দার বর্তমানে ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোগের কারণে তাঁর বাকশক্তিও অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে এবং চিকিৎসার অংশ হিসেবে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরে পাঁচথুবী ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মোক্তল হোসেন সর্দার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে তিনি আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে রয়েছেন। এর আগে তিনি ১২ সমাজের সর্দার, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের নানা সমস্যায় পাশে ছিলেন।
জেলা বিএনপির নেতা মো. আজগর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক। সদর উপজেলা বিএনপির বৃক্ষরোপণবিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহেল।