উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চক্ষু চিকিৎসক ডা. যোবায়দা হান্নান নিঃস্বার্থ সমাজসেবা ও মানবিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত ছিলেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, স্বচ্ছতা, শৃঙ্খলা ও মানবিকতার সমন্বয়ে একটি সেবাপ্রতিষ্ঠানকে কীভাবে এগিয়ে নিতে হয়, তিনি তা নিজ কর্মের মাধ্যমে দেখিয়ে গেছেন। তাঁর দেখানো পথেই আজ হাজারো মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টায় কুমিল্লার শংকরপুর আলেখারচরস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (বিকো) ও চক্ষু হাসপাতাল অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. যোবায়দা হান্নান শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর কর্ম ও আদর্শের মাঝে তিনি বেঁচে আছেন। কুমিল্লায় চক্ষু চিকিৎসাসেবার প্রসার ঘটিয়ে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতিকে একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য সেবাকেন্দ্রে পরিণত করতে তাঁর অবদান অপরিসীম। তাঁর সেই স্বপ্ন ও সেবাধারাকে আরও বেগবান এবং আধুনিক করতে বক্তারা বদ্ধপরিকর বলে জানান।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা সমিতির সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন শাহাজাহান সিরাজ।
আলোচনা সভায় প্রয়াত ডা. যোবায়দা হান্নানের বর্ণাঢ্য কর্মময় জীবন ও আর্তমানবতার সেবায় তাঁর অনবদ্য অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা'র সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল। তিনি বলেন, "ডা. যোবায়দা হান্নান ছিলেন কুমিল্লার মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের এক উজ্জ্বল নক্ষত্র। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লাকে যে ভিত্তির ওপর দাঁড় করিয়ে গেছেন, আজকের এই প্রতিষ্ঠান তারই জীবন্ত সাক্ষ্য। অন্ধত্ব নিবারণ ও অসহায় মানুষের দৃষ্টি ফেরাতে তাঁর নিষ্ঠা, দূরদর্শিতা এবং ত্যাগ আমাদের জন্য চিরকালের প্রেরণা হয়ে থাকবে।"
কোষাধ্যক্ষ সাংবাদিক অশোক বড়ুয়া বলেন, "একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিকিৎসক ডা. যোবায়দা হান্নান ছিলেন নিঃস্বার্থ সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত। একটি সেবাপ্রতিষ্ঠানকে স্বচ্ছতা, শৃঙ্খলা ও মানবিকতার সাথে কীভাবে এগিয়ে নিতে হয়, তিনি তা নিজের কর্মের মাধ্যমে দেখিয়ে গেছেন। তাঁর দেখানো পথেই আজ বিকো ও চক্ষু হাসপাতাল হাজারো মানুষের আলো ফিরিয়ে দিচ্ছে।"
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা সমিতির সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম বলেন, "আজ আমাদের মাঝে ডা. যোবায়দা হান্নান শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর কর্ম ও আদর্শের মাঝে তিনি বেঁচে আছেন। কুমিল্লায় চক্ষু চিকিৎসাসেবার প্রসার এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতিকে একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য সেবাকেন্দ্রে পরিণত করতে তাঁর অবদান অপরিসীম। তাঁর সেই স্বপ্ন ও সেবাধারাকে আরও বেগবান ও আধুনিক করতে আমরা বদ্ধপরিকর।"
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চক্ষুরোগ বিশেষজ্ঞ, ফ্যাকো সার্জন এবং শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মৃণাল কান্তি ঢালী, শাহাজাহান সিরাজ এবং চক্ষু হাসপাতালের কর্মকর্তা হুমায়ুন কবির।
আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম ছালোহ।