উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব আনা হয়েছে। শিকাগো সিটি কাউন্সিলে উত্থাপিত এক অধ্যাদেশের মাধ্যমে শহরের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটিকে এই সম্মানসূচক নাম দেওয়া হবে। অধ্যাদেশটি পাস ও প্রকাশিত হওয়ার পরপরই তা কার্যকর হবে।
এতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জনসেবা এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করা হয়েছে, যার কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পান। পাশাপাশি মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদানের প্রশংসা করা হয়। গত বছরের ৩০ ডিসেম্বর তার মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবনায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে চলার কথাও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সড়কটির প্রস্তাবিত অংশটি উইলিস টাওয়ার ব্লকের পাশে অবস্থিত হওয়ায় ভবনটির স্থপতি বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের অবদানকেও বিশেষভাবে স্মরণ করা হয়েছে।