উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৯টি জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে সাতটি জেলায় ৪৯ প্লাটুন সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন এবং বাকি দুটি জেলায় আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মোতায়েন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে সর্বোচ্চ ১৫ প্লাটুন এবং গাজীপুরে ১৩ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোট ১৬ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলায় দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থাপনায় কঠোর নজরদারি
গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য যুক্ত হওয়ায় জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড; শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগার এলাকায় সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এসব এলাকায় পরিস্থিতি শান্ত ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিল্পাঞ্চলে টহল ও সতর্কতা
শিল্পকারখানার উৎপাদন সচল রাখা ও শ্রমিকদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জে বিশেষ তৎপরতা চালাচ্ছেন আনসার সদস্যরা। গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাক এলাকায় নিয়মিত টহল ও নজরদারি চলছে। কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
অন্যদিকে, নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনসার সদস্যদের উপস্থিতিতে যান চলাচল ও শিল্পকারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করছেন। জননিরাপত্তা ও শিল্পাঞ্চলের শৃঙ্খলা বজায় রাখতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।