উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী জনাব মোঃ শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের আইনি সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে তিনি এ অফিস চালু করেছেন।
মহেশপুর উপজেলা রোডের চৌগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন পশ্চিম পাশে রানা মটরসের ওপর দ্বিতীয় তলায় মনিরুজ্জামান মনু ভাইয়ের বাসভবনে এ অফিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইদ উদ্দিন, মুফাসসির ও মুহাদ্দিস।
অনুষ্ঠানে বক্তব্যে হাইকোর্টের আইনজীবী মোঃ শাহাবুদ্দিন সৈকত বলেন, মহেশপুরে অফিস উদ্বোধনের মূল উদ্দেশ্য হলো এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন আইনি সমস্যায় যেসব মানুষ অর্থের অভাবে আদালতে মামলা পরিচালনা করতে পারেন না, তাদের স্বল্প খরচে আইনি সহায়তা প্রদান করা হবে। এমনকি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল প্রমাণিত হলে তাকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেটিই তাঁর মূল লক্ষ্য। এলাকার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
এ সময় বক্তব্য রাখেন আইনজীবী মোঃ শাহাবুদ্দিন সৈকতের বড় ভাই মাওলানা আহমদুল্লাহ, মুফতি ও মুহাদ্দিস। তিনি বলেন, তাঁর ভাই সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এ মহৎ উদ্যোগকে সফল করতে তিনি স্থানীয় সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয় পর্যায়ে স্বল্প খরচে ও বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের এ উদ্যোগ মহেশপুরের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।