উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক মিটারে তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিদ্যুৎ বিল এসেছে। মাত্র একটি বাতি, একটি ফ্যান এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করলেও এত বিপুল পরিমাণ বিল আসায় দিশেহারা হয়ে পড়েছেন ওই পরিবার। অস্বাভাবিক এই বিল নিয়ে বিদ্যুৎ অফিসে একাধিকবার ধরনা দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগী মো. ইউনুস আলী (মিটার হিসাব নম্বর: ১০৫০০৮৫৪৯৪০৮৪) ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
ইউনুস আলীর বিদ্যুৎ বিলের কাগজ পর্যালোচনায় দেখা যায়, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটে বিল আসে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে মোট ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।
ভুক্তভোগী ইউনুস আলী বলেন, ‘আমার সম্বল বলতে মাত্র আড়াই শতক ভিটেমাটি। পরিবারের ছয় সদস্যকে নিয়ে কোনোমতে দিন পার করছি। ঘরে একটি বাতি ও একটি ফ্যান চলে, আর ছোট একটি মিশুক চার্জ দিই। এত কম ব্যবহারে কীভাবে ৫০ হাজার টাকা বিল আসে? কয়েকবার অফিসে গিয়ে এজিএমসহ কর্মকর্তাদের জানিয়েছি, কিন্তু সমাধান না পেয়ে উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছি। উপায় না পেয়ে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছি।’
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করবেন, সাংবাদিকদের কাছে কেন যাবেন? আমরা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করি। কারও মিটারে সমস্যা থাকলে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে তাঁর বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’
এদিকে সীমিত ব্যবহারের পরও প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ ইউনিটের বেশি ব্যবহার কীভাবে উঠছে এবং মাসের ব্যবধানে প্রতি ইউনিটের গড় খরচে কেন এমন তারতম্য দেখা যাচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত মিটারের কারিগরি পরীক্ষা ও বিলের হিসাব যাচাই করে ভুক্তভোগী দিনমজুরের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন তাঁরা।