উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার কাটাবিল তেলিলোনা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিরিয়ানিতে ক্ষতিকর কাপড়ের রঙ ও নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের দায়ে ‘নিউ হাজী বিরিয়ানি হাউজ’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিরিয়ানি, তেহারী, মোরগ পোলাও ও কাচ্চিতে খাবারের আকর্ষণ বাড়াতে ক্ষতিকর কাপড়ের রঙ, নিষিদ্ধ গোলাপজল ও কেওড়া জল ব্যবহার করা হচ্ছিল। এছাড়া রান্নাঘরের পরিবেশ ও খাদ্য উপাদানের মানও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন সহযোগিতা করেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।