প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অসুস্থ মুদি ব্যবসায়ীকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের সৈয়দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাজী মো. শাহ আলম (৫৭) নামে এক অসুস্থ মুদি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজনৈতিক মামলায় ফাঁসানোর গুরুতর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কাজী শাহ আলম ওই গ্রামের মৃত কাজী খলিলুর রহমানের ছেলে।
সরেজমিন অনুসন্ধান ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সৈয়দপুর কাজী বাড়ির পারিবারিক সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় আইনি লড়াইয়ের অংশ হিসেবে কাজী শাহ আলমের বোন হালিমা আক্তার বাদী হয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা (পিআর মামলা নং-১২০/২০২৫, কোতোয়ালী, স্মারক নং-১৩৪/এডিএম, ৩০/০১/২০২৫) দায়ের করেন। এছাড়া আরেকটি মামলা (পিআর নং-৩৪৩/২৬) বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
পরিবারের অভিযোগ, চলমান এই আইনি বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন—স্থানীয় যুবলীগ নেতা কাজী ফারুক ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মামুনসহ কয়েকজন—পরিকল্পিতভাবে রাতে শাহ আলমকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর তাকে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে চিহ্নিত করে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শংকরের কাছে সোপর্দ করা হয়।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, কাজী শাহ আলম দীর্ঘ ২০ বছর প্রবাস জীবন কাটিয়ে ৫ বছর আগে দেশে ফেরেন এবং বর্তমানে এলাকায় একটি সাধারণ মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার একমাত্র মেয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুলে পড়াশোনা করে। স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের মৃত্যুর পর স্কুলের অভিভাবক ও সাধারণ লোকজনের সঙ্গে শাহ আলমও মরদেহে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। সেই পুরোনো ও স্বাভাবিক একটি ছবি এডিট বা বিকৃত করে তাকে রাজনৈতিক কর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এরই ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার একটি মামলায় (মামলা নং-৩৭/৬৯৯, সেপ্টেম্বর ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারা) তাকে ২ নম্বর আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, কাজী শাহ আলম অত্যন্ত নিরীহ ও শান্ত প্রকৃতির মানুষ। প্রতিপক্ষ প্রবাস থেকে অর্থের জোগান দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে এবং ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য নিরপরাধ মানুষকে এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসিয়ে দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার এসআই শংকর সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) স্যারের সাথে কথা বলুন।" অন্যদিকে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "বিষয়টি সম্পর্কে এসআই শংকর বিস্তারিত বলতে পারবেন, আপনারা তার সাথে কথা বলুন।"
নিরীহ ব্যবসায়ীকে মিথ্যা রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি প্রদান এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত কুশীলবদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবার।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।