উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হুরবানু আক্তার পলি:দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামে চন্দন কুমার সাহা নামে এক ব্যবসায়ীর ঘরে ডাকাতি করে ১৫ ভরি স্বর্ণ, নগদ ২লাখ ২০ হাজার টাকা ও ঘড়ি, মোবাইল লুট করেছে ডাকাতদল।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত (১৭ নভেম্বর) রাত দেড়টায় উপজেলার ছোটনা হিমৎশিং গ্রামের ভুক্তভোগী ওই ব্যবসায়ীর বসত বাড়িতে।
খবর পেয়ে দেবীদ্বার থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী চন্দন কুমার সাহা বলেন, প্রতিদিনের মত নিজ বসত ঘরের লোহার কেঁচি গেইটে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত দেড়টার সময় ঘরের ভিতরে ১০-১২ জনের একটি ডাকাত দল প্রবেশ করে তাকে জিম্মি করে ফেলে।
তালা কাটার সময় টের পাননি বলে তিনি জানান। পরে ডাকাতরা তার বসত ঘরের দালানকোঠার তিনটি রুমের এক এক করে দরজা ভেঙ্গে প্রবেশ করে। এক রুমে বড় ছেলে ও তাহার স্ত্রী, অন্য রুমে মেয়ে ঘুমিয়ে ছিল। স্ত্রী আরেক সন্তানসহ আত্মিয়ের বাড়িতে বেড়াতে যান। ডাকাতরা তার হাত বেঁধে ছেলে ও মেয়ের কক্ষে নিয়ে মারধর করে নগদ অর্থ, স্বর্ণ, মোবাইল, ঘড়ি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। যাওয়ার সময় সকলকে একটি কক্ষে তালাবন্দী করে চলে যায়। পরে পাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করেন।
চন্দন কুমার সাহার মেয়ে পিংকী সাহা বলেন, আমার স্বামীর বাড়ি চাঁদপুর জেলায়। পরীক্ষা দিতে বাবার বাড়িতে এসেছি। গতরাতে ১ টার সময় আমি ঘুমিয়েছি। রাত দেড়টার সময় হঠাৎ দেখি আমার দরজা ভেঙ্গে ডাকাত রুমে প্রবেশ করছে। তারা সাথে সাথে রামদা দিয়ে আমাকে জিম্মি করে। আমি ভয়ে গলার হাড়, কানের দুল খুলে দেই। পরে তারা আলমারি ভেঙ্গে আমার বিয়ের সময়ের দেওয়া ৫ ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতি শেষে পরিবারের সকল সদস্যের এক রুমে বন্দী করে পালিয়ে যায়।
স্থানীয় প্রতিবেশী শুভ শাহা বলেন, গভীর রাতে হঠাৎ একটি আওয়াজ শোনার পর আমার ঘুম ভেঙ্গে যায়। রাস্তায় মানুষের চলাচলের শব্দ পেয়ে আমি বাহিরে কে কে বলে আওয়াজ করি। বাহির থেকে একাধিক মানুষ আমাকে গুলি ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। যদি ঘর থেকে বাহির হই জানে মেরে ফেলার হুমকি দিলে, ভয়ে আমি বাহির হইনি। পরে আশেপাশের কয়েকজনকে ফোন দিয়ে লোকজন জরো করি। লাঠি হাতে বাহিরে গিয়ে দেখি ডাকাতরা চলে গেছে। চন্দন কুমার সাহার পরিবারের সবাই রুমে বন্দী ছিল। আমরা ১০-১৫ লোকজন মিলে আধা কিলোমিটার এলাকায় ডাকাতদের খুঁজার চেষ্টা করেও পাইনি।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমিসহ থানার উপ-পরিদর্শক এসআই বাধন চন্দ্রসহ একাধিক টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তথ্য সংগ্রহ করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।