উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক:
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ কনস্যুলার অফিসে ৩০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের মেধাবী কর্মকর্তা ও কনস্যুলার আমরিন জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘দৈনিক স্বাধীন ভোর’ পত্রিকার সম্পাদক সোহাগ মিয়াজী। সম্প্রতি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই আলাপচারিতায় তুরস্কের ইতিহাস, সংস্কৃতি, ইস্তাম্বুলের স্থানীয় জীবনযাত্রা এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। কর্মব্যস্ততার মাঝেও কনস্যুলার আমরিন জাহানের প্রাণবন্ত আলাপচারিতা ও সাবলীল উপস্থাপনা পুরো সময়টিকে অত্যন্ত উপভোগ্য করে তোলে।
চট্টগ্রামের লোহাগড়ার কৃতি সন্তান আমরিন জাহান কর্মজীবনের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। ইস্তাম্বুলে দায়িত্ব পালনের পূর্বে তিনি সুইডেনে অত্যন্ত সফলতার সাথে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে প্রায় ১১ মাস ধরে তিনি কনস্যুলার হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সাক্ষাৎ শেষে পত্রিকার সম্পাদক সোহাগ মিয়াজী তাঁর চমৎকার ব্যক্তিত্ব ও অমায়িক আচরণের গভীর প্রশংসা করেন। তিনি বলেন, এত বড় একটি দায়িত্বে থেকেও তাঁর মাঝে বিন্দুমাত্র অহংকার নেই; বরং তাঁর চরম নিরহংকার ব্যক্তিত্ব, হাসিমুখ ও আন্তরিকতা যে কাউকে খুব সহজেই আপন করে নেয়। প্রবাসে দেশের এমন একজন মার্জিত ও দায়িত্বশীল প্রতিনিধিকে কাছে পাওয়া সত্যিই গর্বের বিষয়।
সাক্ষাৎ শেষে সম্পাদক মহোদয় কনস্যুলার আমরিন জাহানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর ইস্তাম্বুলের দিনগুলো আরও সুন্দর ও আনন্দময় হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।