উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক গর্ভপাত করানোর অপচেষ্টা ও শারীরিক নির্যাতনের মামলায় প্রধান আসামি কামরুজ্জামানকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে সোমবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি কামরুজ্জামানকে দণ্ডবিধির ৩০৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩২৩ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্র ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ জুন সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলার পিপগড্ডা গ্রামে আসামি কামরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নার্গিস আক্তার আসামির অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনার দিন আসামিরা আপসের প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা চালায়।
এ সময় ভুক্তভোগী আসামিদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রাত ৮টার দিকে তাকে ঘিরে ধরে শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে প্রধান আসামি কামরুজ্জামান তার তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে লাথি ও মারধর করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তার গর্ভের সন্তানের মারাত্মক ক্ষতি হয় এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে কুমিল্লার ইমপেরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সময় ভুক্তভোগী অপ্রাপ্তবয়স্ক থাকায় এবং চিকিৎসা সনদ সংগ্রহ করতে বিলম্ব হওয়ায় পরবর্তীতে তার বাবা শেখ আহাম্মদ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় চিকিৎসকদের প্রতিবেদন ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।
আদালতে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
রায়ের প্রতিক্রিয়ায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন বলেন, ‘দীর্ঘ ১৩ বছর নানা প্রতিকূলতা মোকাবিলা করে আজ আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালত চিকিৎসকদের প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট। এই রায় নারী ও শিশু সুরক্ষায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
এদিকে রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ ও স্থানীয় সচেতন মহল।