উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে নিষিদ্ধ উপাদানের ব্যবহারের দায়ে ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বেলা ৩:০০ টা থেকে বিকেল ৪:৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং জেলা পুলিশের একটি বিশেষ টিম।
অভিযান সূত্রে জানা যায়, রামঘাটলা এলাকার জনপ্রিয় বিরিয়ানি হাউজটিতে তদারকিকালে রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর পাওয়া যায়। এছাড়া বিরিয়ানি, তেহরি, মোরগ পোলাও ও কাচ্চিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধ গোলাপজল ও কেওড়া জল ব্যবহার করা হচ্ছিল।
নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা (ধারা ৪২) অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের অপরাধে ‘হাজী বিরিয়ানি হাউজ’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।