উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার জনপ্রিয় দৈনিক রূপসী বাংলা পত্রিকার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অকাল মৃত্যুতে তাঁর নিজ বাড়িতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) কুমিল্লার বুড়িচং উপজেলার মরহুমের নিজ বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর শনিবার কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে সাখাওয়াত হোসেন ইসরাফিলের। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মীসহ কুমিল্লার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং কুমিল্লার বিভিন্ন সংবাদপত্রের গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন দৈনিক রূপসী বাংলার সম্পাদক ও প্রকাশক আসিফ তরুণাভ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, দৈনিক বাংলাদেশ কণ্ঠের কুমিল্লা জেলা ব্যুরো চিফ আলমগীর হোসেন আলম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাফর সাদেক, আমার দেশ ও ডিবিসির কুমিল্লা জেলা প্রতিনিধি মো. হাসান, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মো. শামীম, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন, ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, ৮৭ ব্যাচের কামাল হোসেন, আজহারুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনের দায়িত্ব পালন করেন মরহুমের ভাই ও দৈনিক যুগান্তরের বুড়িচং উপজেলা প্রতিনিধি মো. ইকবাল হোসেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম সাখাওয়াত হোসেন ইসরাফিলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তিদানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
সাংবাদিক সাখাওয়াত হোসেন ইসরাফিলের অকাল প্রয়াণে কুমিল্লার সংবাদপত্র অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের হৃদয়ে তাঁর স্মৃতি দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।