উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িগ্রাম প্রতিনিধি
মাঠজুড়ে সোনালি হওয়ার অপেক্ষায় আমন ধান। কোথাও ধানে পাক ধরেছে, কোথাও আবার শিষ বেরিয়েছে। এমন সময়ে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি কৃষকের সেই স্বপ্নে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় রাতের শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় পচে যাওয়ার ভয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি ও শিলাপাত। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী হয় শিলাবৃষ্টি। অপ্রত্যাশিত এই বৃষ্টিতে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন মাঠের আমন ধান নিয়ে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে এখন উঠতি আমন ধান। শিলার আঘাতে কতটুকু ক্ষতি হয়েছে, তা নিয়ে চিন্তায় আছি।’
একই এলাকার কৃষক সামছুল হকের কয়েক বিঘা জমির ধানও পাকতে শুরু করেছে। তিনি বলেন, ‘ধান পাকার ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?’
শিলাবৃষ্টির প্রভাব পড়েছে কাঠালবাড়ী এলাকার তালুক কালোয়া গ্রামেও। সেখানকার কৃষক রবিউল ইসলামের ১৫ শতাংশ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল পচে যাওয়ার আশঙ্কায় নিরুপায় হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন তিনি।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে রাতের শিলাবৃষ্টিতে কতটুকু জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে মাঠপর্যায় থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবিরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র গত রাতে শিলাবৃষ্টির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে আগামী সপ্তাহে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।