উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী উপজেলার গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটান। পরে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়ায় হবে না। পরে তারা প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তারা সবাই বাইরে কাজ করছিলেন। পরে দুপুরে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে অফিসে আসেন। এতে ভেতরে কোনো ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছেন, তারাই আবার ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।