উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধির প্রস্তাব পেশ করেছে শ্রমিকপক্ষ। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ প্রস্তাব উপস্থাপন করেন।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা এবং কর্মচারীদের জন্য সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।
সভায় উত্থাপিত প্রস্তাব অনুযায়ী মূল বেতন, বাড়িভাড়া এবং অন্যান্য ভাতা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
শ্রমিকদের গ্রেডভিত্তিক প্রস্তাবিত মজুরি:
গ্রেড-১ (সিনিয়র অপারেটর): মাসিক মোট মজুরি ৪৮,০০০ টাকা (মূল বেতন ২৮,৮০০ টাকা, বাড়িভাড়া ১৪,৪০০ টাকা ও অন্যান্য ভাতা ৪,৮০০ টাকা)।
গ্রেড-২ (মেশিন চালক ও কাজ করানোর দায়িত্বে থাকা শ্রমিক): মাসিক মোট মজুরি ৪৩,০০০ টাকা (মূল বেতন ২৫,৮০০ টাকা, বাড়িভাড়া ১২,৯০০ টাকা ও অন্যান্য ভাতা ৪,৩০০ টাকা)।
গ্রেড-৩ (জুনিয়র মেশিন চালক ও অন্যান্য কাজ): মাসিক মোট মজুরি ৩৮,০০০ টাকা (মূল বেতন ২২,৮০০ টাকা, বাড়িভাড়া ১১,৪০০ টাকা ও অন্যান্য ভাতা ৩,৮০০ টাকা)।
গ্রেড-৪ (হেলপার বা সহকারী): মাসিক মোট মজুরি ৩২,০০০ টাকা (মূল বেতন ১৯,২০০ টাকা, বাড়িভাড়া ৯, ৬০০ টাকা ও অন্যান্য ভাতা ৩,২০০ টাকা)।
শিক্ষানবিশ (সর্বোচ্চ তিন মাস): মাসিক মোট মজুরি ৩০,০০০ টাকা (মূল বেতন ১৮,০০ টাকা, বাড়িভাড়া ৯,০০০ টাকা ও অন্যান্য ভাতা ৩,০০০ টাকা)।
কর্মচারীদের গ্রেডভিত্তিক প্রস্তাবিত মজুরি:
গ্রেড-১ (স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যান): মাসিক মোট মজুরি ৫৫,০০০ টাকা (মূল বেতন ৩৩,০০০ টাকা, বাড়িভাড়া ১৬,৫০০ টাকা ও অন্যান্য ভাতা ৫,৫০০ টাকা)।
গ্রেড-২ (হিসাব সহকারী, স্টোর সহকারী ও অন্যান্য জুনিয়র কর্মচারী): মাসিক মোট মজুরি ৫০,০০০ টাকা (মূল বেতন ৩০,০০০ টাকা, বাড়িভাড়া ১৫,০০০ টাকা ও অন্যান্য ভাতা ৫,০০০ টাকা)।
গ্রেড-৩ (ক্লার্ক, অফিসার সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর): মাসিক মোট মজুরি ৪৫,০০০ টাকা (মূল বেতন ২৭,০০০ টাকা, বাড়িভাড়া ১৩,৫০০ টাকা ও অন্যান্য ভাতা ৪,৫০০ টাকা)।
গ্রেড-৪ (পিয়ন ও কুক): মাসিক মোট মজুরি ৪০,০০০ টাকা (মূল বেতন ২৪,০০০ টাকা, বাড়িভাড়া ১২,০০০ টাকা ও অন্যান্য ভাতা ৪,০০০ টাকা)।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে যে, খাদ্যভাতা মূল মজুরির আওতার বাইরে থাকবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত সর্বশেষ মজুরি কাঠামো অনুযায়ী বর্তমানে দেশের তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার বেশি করার দাবি জানিয়ে আসছিল।