উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মিজানুর রহমান সানি,কুমিল্লা:
কুমিল্লায় কবিরাজ সেজে চিকিৎসার প্রলোভন দেখিয়ে এবং ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের স্বর্ণের মূর্তি দেওয়ার লোভ দেখিয়ে এক নারীর ১৪ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার ছোটরা এলাকার মৃত সফিকুর রহমানের মেয়ে ফারজানা বেগম (৩৫) অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলেন। এই সুযোগে ০১৮৪-১৩৮৬৫৯১ নম্বরের একটি মোবাইল ফোন ব্যবহারকারী অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে ফোন করে এবং চিকিৎসার বিভিন্ন পরামর্শ ও সুফল পাওয়ার কথা বলে বিশ্বাস অর্জন করে। এর ধারাবাহিকতায় গত ২২ ও ২৩ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ওই ব্যক্তির দেওয়া নম্বরে মোট ২০,০০০ টাকা পাঠানো হয়।
পরবর্তীতে গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে কুমিল্লার মোগলটুলি হাই স্কুলের সামনে ভুক্তভোগী নারীকে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি। সেখানে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের মূর্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাদীর পরিবারে থাকা ১৪ ভরি স্বর্ণ কৌশলে নিয়ে নেওয়া হয়। পরে চিপসের প্যাকেটের ভেতর পিতলের একটি মূর্তি ঢুকিয়ে তা স্বর্ণের মূর্তি বলে ভুক্তভোগীকে ধরিয়ে দেওয়া হয়।
বাড়িতে গিয়ে প্যাকেট খুলে পিতলের মূর্তি দেখতে পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা প্রতারককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।