উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নির্বাচনে বড় ধরনের সাফল্যের পর দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কঠোর তদন্তের জোরালো ঘোষণা দিয়েছেন সিনেট মাইনরিটি লিডার চাক সুমার। একইসঙ্গে তিনি আগামীতে পুনরায় সিনেট মেজরিটি লিডার নির্বাচিত হওয়ার বিষয়েও তীব্র আশাবাদ ব্যক্ত করেছেন।বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাক সুমার বলেন, সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করেই ডেমোক্রেটরা সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। ২০২৪ সালের নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর যখন অনেকেই সিনেট ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয়ে ছিলেন, তখনও ডেমোক্রেটরা নিজেদের লক্ষ্য থেকে একচুলও সরে দাঁড়ায়নি।চাক সুমার জানান, হাউজ ও সিনেটের ডেমোক্রেটরা যৌথভাবে সাধারণ মানুষের মূল সমস্যা ও উদ্বেোগগুলোকে নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন। ভোটারদের প্রধান দুশ্চিন্তার বিষয় ছিল জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দুর্নীতি। এছাড়া প্রতিটি স্টেটের মানুষের চাহিদা মাথায় রেখে সঠিক প্রার্থী বাছাই এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন মুখগুলোর অংশগ্রহণ এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।জনগণ তাদের যে ক্ষমতা প্রদান করেছে তা মানুষের প্রকৃত ইচ্ছা বাস্তবায়নেই ব্যয় করা হবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি, চলমান ইরান যুদ্ধের তীব্র সমালোচনা করে সুমার অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। জনগণের সম্মতি ছাড়া কোনো যুদ্ধে জড়ানো রোধ করতে কংগ্রেসের অর্থ বরাদ্দের ক্ষমতা ব্যবহার করার কথাও জানান তিনি। তিনি মনে করেন, সিনেটে রিপাবলিকানদের তুলনায় তাদের আসন কত বেশি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো জনগণের আস্থা অর্জন করা এবং তাদের প্রত্যাশা পূরণ করা।এদিকে প্রতিনিধি পরিষদে (হাউজ) ডেমোক্রেটদের এই জয়কে সাধারণ কোনো ঢেউ বা 'ব্লু ওয়েভ' নয়, বরং একটি 'আমেরিকান সুনামি' হিসেবে অভিহিত করেছেন হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিস। হাউজে কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে ইতিহাস গড়তে যাওয়া জেফরিস সাফ জানিয়ে দিয়েছেন যে, কংগ্রেস আর কখনো ট্রাম্প প্রশাসনের কোনো অধীনস্থ অঙ্গপ্রতিষ্ঠানের মতো কাজ করবে না।
প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই মুহূর্তে তাদের প্রধান মনোযোগ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার ওপরই রয়েছে।হাউস ডেমোক্রেটিক ককাসের ভাইস চেয়ার টেড লিউ জানিয়েছেন, মেডিকেইডের বাজেট কাটছাঁট বাতিল করা, ওবামাকেয়ার ট্যাক্স ক্রেডিট পুনর্বহাল করা এবং ট্রাম্পের শুল্ক নীতির কারণে বেড়ে যাওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে তারা নতুন বিল পাশের জোরালো চেষ্টা চালাবেন।