উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্র্যাট নেতাদের নিয়মিত টেলিভিশনে উপস্থিতির সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী অবস্থান দুর্বল করেছে এই সংবাদমাধ্যম। খবর আনাদোলু এজেন্সির
বুধবার (৪ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয়গুলোকে প্রচারের সুযোগ দিয়েছে।’
পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তার প্রশ্ন, ফক্স নিউজ কেন ডি ব্লাসিওকে সম্প্রচারে আমন্ত্রণ জানিয়েছে এবং দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগ দিয়েছে? ট্রাম্প দাবি করেন, মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ডি ব্লাসিওর ভাবমূর্তি ছিল প্রশ্নবিদ্ধ।
নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই ফক্স নিউজের বিভিন্ন উপস্থাপক ও সম্পাদকীয় সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সংবাদমাধ্যমটির কোনো কোনো বিশ্লেষক ও উপস্থাপকের মতপার্থক্য তৈরি হলে তিনি প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন।
এদিকে মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে দলটি। এমনটি হলে কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণ কমে যাবে। এতে তার আইন প্রণয়ন ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন বাধা তৈরি হতে পারে।