উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী
বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক
স্বার্থে ব্যবহারের সমালোচনা করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল
হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা
করে গেছে, এখন যারা আছে তারা জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে।’
সোমবার (২ নভেম্বর) মুরাদনগর উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সকালে
মুরাদনগরের প্রতিভা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়ের বার্ষিক
অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে মন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। এ সময়
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ ও তাদের জন্য প্রয়োজনীয়
উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
পরে ৬৩তম প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া
প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ ছাড়া নববর্ষ
উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত সাংস্কৃতিক
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী
বিতরণ করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ধর্মীয়
প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেন ধর্মমন্ত্রী। পাশাপাশি হিন্দু
সম্প্রদায়ের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ
উদ্যোগের কর্মসূচির আওতায় মুরাদনগর ও বাঙ্গরা এলাকার শ্রেষ্ঠ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণের আয়োজনও করা হয়।
বিভিন্ন
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্মমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে
রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সমালোচনা করেন। তাঁর বক্তব্যে
মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জুলাইয়ের চেতনার যথাযথ মূল্যায়নের বিষয়টি গুরুত্ব
পায়।
সফরের অংশ হিসেবে মুরাদনগরের জামিয়া ইসলামিয়া মুফতাহুল উলুম ও
এতিমখানা কর্তৃপক্ষের আয়োজনে ওয়াজ ও দোয়া মাহফিলেও তাঁর অংশগ্রহণের কথা
রয়েছে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক
নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয়
প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।