প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান: জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত ‘সুন্দলপুর সাউথ-১’ নামের এই কূপটিতে প্রায় ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখান থেকে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অগ্নিপ্রজ্বালনের (ফ্লেয়ারিং) মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এই আবিষ্কার একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল।
রাষ্ট্রীয় জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সূত্রের জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক উদ্যোগে এবং বাপেক্সের পরিচালিত ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে এই কূপে খনন কার্যক্রম শুরু হয়। বাপেক্সের নিজস্ব ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু হয়েছিল। সাড়ে তিন মাসের অভিযানে কূপটি ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দুটি আলাদা জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়।
বাপেক্স জানায়, কূপে সন্ধান পাওয়া মোট ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট গ্যাসের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, কূপটিতে গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো খনিজ উপাদান রয়েছে কিনা, তা আগামী ১৫ দিনের নিবিড় পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) পরীক্ষা শেষে স্পষ্টভাবে বলা যাবে।
ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পর সফলভাবে খনন কাজ শেষ করে আজ অগ্নিপ্রজ্বালনের মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এই আবিষ্কারে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “নতুন এই গ্যাসের সন্ধান দেশের সামগ্রিক জ্বালানি খাতের পাশাপাশি নোয়াখালীর মানুষের জন্য অত্যন্ত আনন্দের খবর।”
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম এই আবিষ্কারকে নোয়াখালীবাসীর জন্য গর্বের বিষয় উল্লেখ করে বলেন, “এই গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে কোম্পানীগঞ্জসহ পুরো জেলায় শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।” স্থানীয় জনগণ যেন এর সুফল পায় তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত পরীক্ষা সম্পন্ন করে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার আহ্বান জানান তিনি।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।