উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেস্ক রিপোর্ট:
মার্কিন সেনেট ও কংগ্রেসের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং দলীয় সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করতে আবারও নির্বাচনী প্রচারণায় ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আইওয়া ও কানসাস রাজ্যে বেশ কয়েকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রোববার বিকেলে আইওয়ার ডাবুকে শহরে উপস্থিত হয়ে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এরপর সেখান থেকে তিনি কানসাসের স্যালিনায় আরেকটি সমাবেশে যোগ দেবেন। ঐতিহাসিকভাবে রাজ্য দুটি রিপাবলিকানপন্থী হলেও এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হওয়ায় রিপাবলিকান শিবিরে কিছুটা উদ্বেগ কাজ করছে।
বিশেষ করে আইওয়া রাজ্যটি এবার একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী যুদ্ধক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। রাজ্যটিতে সেনেটের একটি গুরুত্বপূর্ণ আসন এবং গভর্টরের পদ ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে রিপাবলিকানরা। এর আগে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও এই রাজ্যে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।
এছাড়া ডাবুক শহরের অন্তর্ভুক্ত আইওয়ার ২য় কংগ্রেসনাল আসনের নির্বাচনও বিশেষ নজর কাড়ছে। হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে নিজেদের ক্ষিণ সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় এই আসনটি ধরে রাখা রিপাবলিকানদের জন্য অত্যন্ত জরুরি। এই আসনে রিপাবলিকান প্রার্থী জো মিচেলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ডেমোক্রেট প্রার্থী লিন্ডসে জেমসের সঙ্গে।
ট্রাম্পের দ্বিতীয় গন্তব্য কানসাসের স্যালিনা, যেখানে রিপাবলিকানরা একটি অপ্রত্যাশিতভাবে কঠিন সেনেট প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছেন। ১৯৩২ সালের পর থেকে কানসাস রাজ্যে কোনো ডেমোক্রেট সেন্সর নির্বাচিত হননি। তবে এবার বর্তমান রিপাবলিকান সেনেটর রজার মার্শালকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছেন বিশিষ্ট ডেমোক্রেট প্রার্থী ও যাজক অ্যাডাম হ্যামিলটন।
ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে শনিবার সময় কাটিয়ে এই জনসভার মাধ্যমেই সরাসরি নির্বাচনী প্রচারণায় ফিরছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার আগে রিপাবলিকানদের অবস্থান আরও সুসংহত করতে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রাজ্যে চষে বেড়িয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে আইওয়া ও কানসাসের এই কর্মসূচিগুলো হঠাৎ বাতিল করা হয়েছিল, যা নিয়ে রাষ্ট্রপতির প্রচার সূচিতে পরিবর্তনের জল্পনা শুরু হয়। তবে পরবর্তীতে প্রশাসন সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতিতে উভয় ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার কথা নিশ্চিত করে।