প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ছোট ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন আরোহী নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে মাত্র ৯ মাইল দূরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রোববার (১ নভেম্বর) মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এক সংবাদ সম্মেলনে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকার একটি আবাসিক সড়কে বিমানটি আছড়ে পড়ে। অভিজাত এলাকা হিসেবে পরিচিত এই মার-আ-লাগো রিসোর্টটি থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের ছোট বিমানটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল এবং এর গন্তব্য ছিল বাহামা। বিমানটির গতিপথ বিশ্লেষণ করে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে এটি অত্যন্ত দ্রুতগতিতে নিচে নামছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ড্যাশবোর্ড ক্যামেরার ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক সড়ক দিয়ে গাড়ি চলার সময় হঠাৎ বিমানটি প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তেই একটি বড় অগ্নিকুণ্ডলীর সৃষ্টি হয়। তবে ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে; মনে হয় যেন কোনো ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। এরপরই বিশাল বিস্ফোরণে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’ তবে সৌভাগ্যবশত দুর্ঘটনায় মাটিতে থাকা কোনো সাধারণ নাগরিক হতাহত হননি বলে তিনি জানান।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ হিসেবে বর্ণনা করেছেন। দুর্ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তার জন্য এফএএ-এর একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। বিমানটিতে থাকা নিহত যাত্রীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।