উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, রাজস্থলী:
চলতি ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার দুটি শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে চরম ফল বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার প্রধান দুই বিদ্যাপীঠ—রাজস্থলী সরকারি কলেজ ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে পাসের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর মধ্যে রাজস্থলী সরকারি কলেজে পাসের হার ২৭ দশমিক ১৭ শতাংশ এবং বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ২৬ দশমিক ৩৪ শতাংশ। হতাশাজনক বিষয় হলো, প্রতিষ্ঠান দুটির কোনোটি থেকেই এবার একজন শিক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করতে পারেননি।
পরিসংখ্যান ও চিত্র:
ফলাফলের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, রাজস্থলী সরকারি কলেজ থেকে এ বছর মোট ৯২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে মাত্র ২৫ জন কৃতকার্য হয়েছেন এবং বাকি ৬৭ জনই অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে, বাঙ্গালহালিয়া সরকারি কলেজ থেকে ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৪৯ জন এবং ১৩৭ জন শিক্ষার্থী ফেল করেছেন। উপজেলার প্রধান দুটি সরকারি কলেজের এমন বিপর্যয়ে স্থানীয় সামগ্রিক শিক্ষাচিত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।
ফল বিপর্যয়ের কারণ:
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকবৃন্দের মতে, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের পারস্পরিক সমন্বয়ের অভাব এবং উদাসীনতাই এই বিপর্যয়ের মূল কারণ। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদানে নজরদারির ঘাটতি, পরীক্ষার উপযুক্ত প্রস্তুতির অভাব এবং পড়াশোনায় শিক্ষার্থীদের অনীহার কারণেই এমন করুণ পরিণতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্টজনেরা কলেজ দুটির অ্যাকাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার মানোন্নয়নে অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
কর্তৃপক্ষের বক্তব্য:
ফল বিপর্যয়ের বিষয়টি স্বীকার করে রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ বলেন, “এবারের এইচএসসি ফলাফল কোনোভাবেই সন্তোষজনক নয়। আগামীতে ফলাফল উন্নয়ন ও এই সংকট উত্তরণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে দ্রুত একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হবে। পাঠদানের দুর্বলতাগুলো চিহ্নিত করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।”