উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, সমস্যা কাটিয়ে ভবিষ্যতে যাতে ফলাফল ভালো হয়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসির ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় তিনি জানান, এ সমস্যাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বোর্ড থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদের আহ্বান জানাব– আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।’
উত্তরপত্র পুনর্মূল্যায়নে ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষায় আমরা রি-এক্সামিন করেছিলাম। ৩ হাজার ৭৯ জন জিপিএ ফাইভ পেয়েছিলেন। এবারও রি-এক্সামিন করব। কেউ যেন অবমূল্যায়িত না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে কাজ করা হবে। ফল সন্তোষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামী দিনে ভালো করার চেষ্টা করব।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফেল করেছেন মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী।