উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা:
শীতের আমেজ শুরু হতেই গাইবান্ধা শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে জমে উঠেছে চিতই পিঠার আয়োজন। বিকেল গড়াতেই গরম গরম পিঠার স্বাদ নিতে ভিড় করছেন পিঠাপ্রেমীরা। সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত চলে পিঠা খাওয়া আর আড্ডা।
মাত্র ১০ টাকায় মিলছে একেকটি চিতই পিঠা। সঙ্গে রয়েছে সরিষা বাটা, মরিচ বাটা, ধনেপাতা ভর্তা, শুঁটকি ভর্তাসহ নানা পদের মুখরোচক ভর্তা। গরম পিঠার সঙ্গে বাহারি ভর্তার স্বাদ নিতে ক্রেতাদের আগ্রহও বেশ।
শহরের ব্যস্ততম এই মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিংবা দিনের কাজ শেষে একটু স্বস্তির সময় কাটাতে অনেকেই ছুটে আসছেন পিঠার দোকানে। কেউ দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের জন্য নিয়ে যাচ্ছেন বাড়িতে।
শীতের মৌসুমি এই পিঠার দোকানগুলো শুধু খাবারের আয়োজন নয়, বরং নগরজীবনে মানুষের আড্ডা ও মিলনমেলারও একটি পরিচিত জায়গা হয়ে উঠেছে।
বিকেল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এই পিঠা বিক্রি। শীত যত বাড়বে, গাইবান্ধার এই মোড়ে পিঠাপ্রেমীদের আনাগোনাও তত বাড়বে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ঐতিহ্যবাহী চিতই পিঠা আর নানা পদের ভর্তার স্বাদে গাইবান্ধার শীতের সন্ধ্যা হয়ে উঠছে আরও প্রাণবন্ত।