প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
কুমিল্লার রাজগঞ্জে বিউটি পার্লারে হেয়ার রিবন্ডিং করাতে গিয়ে যুবতীর চুল-ত্বক পুড়ে যাওয়ার অভিযোগ; প্রতিবাদ করায় ব্ল্যাকমেইল ও অপপ্রচারের শিকার ভুক্তভোগী
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:কুমিল্লা নগরীর রাজগঞ্জে একটি বিউটি পার্লারে হেয়ার রিবন্ডিং ও কালার করাতে গিয়ে অতিরিক্ত তাপ ও ক্ষতিকর রাসায়নিকের কারণে মাথার ত্বক ও চুল পুড়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় ওই যুবতীকে ব্ল্যাকমেইল করে জোরপূর্বক লাইভ রিভিউ নেওয়া এবং পরবর্তীতে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত করে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে পার্লার কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী মোসাঃ নিপা আক্তার (২৮) বাদী হয়ে গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ১৮ অক্টোবর তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন—রাজগঞ্জ কান্দিরপাড় রোডস্থ ‘সোহা মেকওভার বিউটি পার্লার’-এর মালিক মিসেস সোহা (২৪), তাজারিন রিয়া (২৬), সাবরিনা (২৬) এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জন।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে বিশেষ আমন্ত্রণে ৫ হাজার ৫০০ টাকা চুক্তিতে চুল রিবন্ডিং ও কালার করাতে ‘সোহা মেকওভার বিউটি পার্লার’-এ যান মোসাঃ নিপা আক্তার। মেডিসিন প্রয়োগের সময় গোড়ায় ক্ষতিকর রাসায়নিক না দেওয়ার অনুরোধ করা হলেও ১ নম্বর অভিযুক্ত তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। পরবর্তীতে স্ট্রেইটনার আয়রন ব্যবহারের সময় অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত হিট দেওয়ার কারণে বাদীর কান ও মাথার ত্বক মারাত্মকভাবে পুড়ে যায়। তীব্র যন্ত্রণার কথা বারবার জানালেও অভিযুক্তরা মিথ্যা সান্ত্বনা দিয়ে কাজ শেষ করেন।
বাড়িতে যাওয়ার ৩ দিন পর ভুক্তভোগী দেখতে পান যে, তার মাথার গুরুত্বপূর্ণ অংশের চুল গোড়া থেকে উঠে গিয়ে ত্বক পুড়ে টাক হয়ে গেছে এবং মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পার্লারে অবস্থানকালেই অভিযুক্তরা ভুক্তভোগীকে জোরপূর্বক ও ব্ল্যাকমেইল করে তাদের প্রচারণার স্বার্থে একটি মিথ্যা প্রশংসামূলক লাইভ ভিডিও রিভিউ দিতে বাধ্য করেন। পরবর্তীতে বিষয়টি পার্লার কর্তৃপক্ষকে জানিয়ে প্রতিকার চাইলে তারা কোনো সমাধান না দিয়ে উল্টো অন্যায্য টাকা দাবি করে অশালীন আচরণ করেন। বাদী আইনি পদক্ষেপ নেওয়ার কথা বললে অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে বাদীর ছবি ও পূর্বে ধারণকৃত ভিডিও কাটছাঁট ও বিকৃত করে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে ছড়িয়ে দেন এবং কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে থাকেন।
এ বিষয়ে ভুক্তভোগী মোসাঃ নিপা আক্তার জানান, "পার্লার কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন ও অমানবিক আচরণ আমার জীবনকে বিপর্যয়কর করে তুলেছে। চুল ও ত্বক পুড়ে যাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি বিকৃত করে আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি এর উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও মানসিক বিপর্যস্ততায় ভুটে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই কুতবি উদ্দিন জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।