উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা ভূমি অফিসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর করা একটি পোস্টকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ ফেসবুক পেজ থেকে প্রথমে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবেন’ এবং এর কিছুক্ষণ পর ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে পরপর দুটি পোস্ট দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে নানামুখী আলোচনার জন্ম দেয়।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ পেজ থেকে এক পোস্টে দাবি করেন যে, এসিল্যান্ডের আইডি হ্যাক হয়েছে এবং এ নিয়ে যেন কেউ বিভ্রান্ত না হন। ইউএনওর ওই পোস্টের কিছুক্ষণ পরই ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে আগের পোস্ট দুটি ডিলিট করা হয়।
তবে পোস্ট ডিলিটের এই প্রক্রিয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে সন্দেহের সৃষ্টি হয়। অনেকের প্রশ্ন, আইডি হ্যাক হয়ে থাকলে মাত্র কয়েক মিনিটের মধ্যে তা কীভাবে ডিলিট হলো? তাছাড়া আইডি হ্যাকের শিকার হলে এসিল্যান্ড নিজে সরাসরি কোনো বক্তব্য না দিয়ে কেন তার মোবাইল ফোন বন্ধ রেখেছেন—এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে শনিবার (২৪ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিলেটেস্থ মাউন্ট এডোরা হসপিটাল এবং পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক গণমাধ্যমকে জানান, “তিনি (এসিল্যান্ড) ও তার স্ত্রী আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন। কেক কাটার পর থেকেই তিনি অত্যন্ত অস্বাভাবিক আচরণ শুরু করেন। তিনি আমার দায়িত্বে থাকা আনসার সদস্যদের গায়ে হাত তোলেন এবং উপস্থিত বাচ্চাদেরও মারধর করেন। তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কিছু ঘুমের ইনজেকশন দিতে হয়, যা জামালগঞ্জের কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। এছাড়া তার স্ত্রী গর্ভবতী হওয়ায় আমাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়।”
তিনি আরও বলেন, “পরে তার বাসায় গিয়ে দেখি তিনি গ্লাস ভেঙেছেন এবং অদ্ভুত আচরণ করছেন। বাধ্য হয়ে পুলিশ ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) সঙ্গে নিয়ে তার বাসায় গিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করি। আমি তার বাবার সঙ্গেও কথা বলেছি, তিনি জানিয়েছেন কয়েক ঘণ্টা ঘুমালে তিনি স্বাভাবিক হয়ে যাবেন। তিনি কেন এমন পোস্ট করলেন তা আমার বোধগম্য নয়। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে তার কর্মস্থলে ফিরে আসবেন।”
ইউএনও আরও জানান, ঘটনাটি ঘটার সাথে সাথেই তিনি বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিলেটে এবং পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে সুস্থ হয়ে ফিরে আসার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।