প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু:
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যুর পর বিক্ষুব্ধ লোকজনের বিশৃঙ্খলা, মহাসড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মীরনগর ও রসুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. হাসিবুল ইসলাম (২২), মোহাম্মদ হোসাইন (৩০), লিয়াকত সিকদার (২৪) ও মো. আজাহার সিকদার (১৯)। তারা সবাই কালিয়াইশ ইউনিয়নের ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ ও মীরনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের নয়াখালের উত্তর পাশে ডিবিএম ইটভাটা এলাকায় একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন (৩২) ও তার দুই বছর বয়সি শিশু কন্যা ওয়াসিফা নিহত হন। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং মহাসড়ক অবরোধ করেন। এর ফলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা বাধার মুখে পড়েন। পরবর্তীতে সাতকানিয়া থানা পুলিশের এসআই জাহেদের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গেলে তাদের সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এমনকি পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। পাশাপাশি, আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসকর্মীদের কাজেও বাধা দেওয়া হয়। এই সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি অবনতি হলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সাতকানিয়া থানার এসআই জাহেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধারে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনায় নাশকতা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদহানির অভিযোগে সড়ক পরিবহণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত বাকি ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।