উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা ইউটার্ন এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের স্টাফ বাস, সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিযাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে মহাসড়কের এই ব্যস্ত ইউটার্ন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা ইউটার্ন পার হচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ও ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের স্টাফ বাসটির সঙ্গে সিএনজিটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাস, সিএনজি ও কাভার্ড ভ্যানটি সড়কের ওপর ছিটকে পড়ে এবং সিএনজিটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়ির যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং নিকটস্থ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই দুর্ঘটনার ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও হাইওয়ে ট্রাফিক কর্মীরা এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, কাবিলা ইউটার্নটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। চালকদের বেপরোয়া গতি ও ইউটার্ন পারাপারে অসাবধানতার কারণে এ ধরনের দুর্ঘটনা রোধে স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী।