উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পারামাসে রুট ১৭-এ গাড়িচাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রধান চালকের পর এবার গাড়ির মালিককেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত ৩১ বছর বয়সী ক্রিসিয়েন রেইস রিভেরা নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা ছিলেন।
বার্গেন কাউন্টি প্রসিকিউটর মার্ক মুসেলা জানান, গত সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে পারামাসের রুট ১৭-এর দক্ষিণমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা যায়, ৩১ বছর বয়সী এস্টুয়ার্ডো রদ্রিগেজ কোনো ধরনের লাইসেন্স, রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্স ছাড়াই একটি ২০২৪ মডেলের আকুরা (Acura) সেডান গাড়ি চালাচ্ছিলেন, যার পেছনে একটি ইউ-হল (U-Haul) ট্রেইলার যুক্ত ছিল। গাড়িটির মালিক ছিলেন মাইকেল সি. মার্সিয়ানো (৪৭)।
ঘটনার বিবরণে জানা যায়, রদ্রিগেজের গাড়িটি একটি বুইক এনক্লেভ (Buick Enclave) গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে বুইকের যাত্রী ক্রিসিয়েন রেইস রিভেরা গাড়ি থেকে নেমে চালককে পালিয়ে যাওয়া থেকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং গাড়ির জানালায় হাত দিয়ে থামানোর চেষ্টা করেন। এ সময় চালক রদ্রিগেজ গাড়ি দ্রুতগতিতে চালিয়ে দিলে রিভেরা সড়কে পড়ে যান এবং পেছনের ট্রেইলারের চাকায় পিষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উপস্থিত জনতা ধাওয়া করে আধা মাইল দূরে গার্ডেন স্টেট প্লাজার কাছে গাড়িটি আটকে ফেলেন এবং পুলিশে খবর দেন। পুলিশ চালক রদ্রিগেজের মধ্যে মদ্যপান ও মাদকাসক্তির লক্ষণ দেখতে পায়।
তদন্তের ধারাবাহিকতায় প্রসিকিউটর কার্যালয় জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি ও ট্রেইলার তল্লাশি করে কয়েকশ টিএইচসি (THC) কার্টিজসহ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। এছাড়া আকুরা গাড়িটির প্রকৃত মালিক মাইকেল সি. মার্সিয়ানো পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
চালক এস্টুয়ার্ডো রদ্রিগেজের বিরুদ্ধে যানবাহন দিয়ে হত্যা (vehicular homicide), দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া, আহত ব্যক্তিকে চিকিৎসায় সহায়তা না করা এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি মার্সিয়ানো ও রদ্রিগেজ উভয়ের বিরুদ্ধেই মাদক বেচাকেনার উদ্দেশ্যে সরবরাহ ও ষড়যন্ত্রের অভিযোগ এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।