উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইন ডেস্ক:
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, দাম্মাম রুটে আগামী ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে। অন্যদিকে, রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত থাকবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলাচল করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
ফ্লাইটের টিকিট পুনর্নির্ধারণ ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।