উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে একটি মসজিদের পাশের আবাসিক এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। তবে এই গোলাগুলির সাথে মসজিদ কিংবা ভেতরে অবস্থানরত মুসল্লিদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) ঘটনার পরপরই দেশটির কেন্দ্রীয় ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। পরবর্তীতে তদন্তে যুক্ত হয় যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বিষয়ক ব্যুরো (এটিএফ)।
প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ সংবাদ সম্মেলন করে জানায়, হামলাটি মসজিদে হয়নি। মসজিদের পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ কর্মকর্তা সার্জেন্ট জেমস ফুকুয়া বলেন, ‘দুর্ভাগ্যবশত, গোলাগুলির সময় মসজিদে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। তবে বাইরের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে মসজিদের কোনো সম্পর্ক ছিল না।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘বিষয়টি স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এটি মসজিদে কোনো সন্ত্রাসী বা বিদ্বেষমূলক হামলার ঘটনা নয়।’
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলেও এটিএফ-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কী কারণে এই গোলাগুলি ঘটেছে কিংবা এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।