উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
সকাল সাড়ে আটটার দিকে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কে একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে নাটোরের স্থানীয় হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় এবং অনেক যাত্রী ভেতরে আটকে থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার কারণে নাটোর-পাবনা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণ করে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।