উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে 'টার্গেট' করা হয়েছে দাবি করে তিনি জানান, নিজের বিতর্ক দিয়ে দল ও সরকারকে বিব্রত করতে চান না বলেই এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে আজ থেকেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে আবেদন করেছি। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন। পদত্যাগের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে বলেছি—আমার কারণে যেন দল কিংবা অন্য কেউ বিব্রত না হয়।”
সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে প্রকাশিত খবরের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে গণমাধ্যমে তোলপাড় চলছে। দেশি-বিদেশি সংবাদমাধ্যমে সত্যের পাশাপাশি অনেক অতিরঞ্জিত তথ্য ও কল্পকাহিনী প্রচার করা হয়েছে। মূলত আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে এবং টার্গেট করে এই বিতর্কের সৃষ্টি করা হয়েছে। এতে দলও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।”
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ইশরাক হোসেন জানান, মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়লেও তিনি রাজনীতি ও জনসেবামূলক কাজে যুক্ত থাকবেন। বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬ ও আশপাশের অঞ্চলের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান এবং মাদক নির্মূলে তিনি সার্বক্ষণিক কাজ করে যেতে চান।
উল্লেখ্য, সম্প্রতি অস্ত্র হাতে সরাসরি মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন প্রতিমন্ত্রী ইশরাক। এরপরই প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে একাধিক সূত্রে জানা গেছে।