উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রীর তারেক রহমান পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘গুজব’ বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী নিজে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর পদত্যাগ বা দায়িত্ব পরিবর্তন সংক্রান্ত ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতা নেই।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় একটি মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের অস্ত্র হাতে অংশ নেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের মৌখিক নির্দেশ দিয়েছেন।
তবে এসব খবর নাকচ করে দিয়ে ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়া ও বিজ্ঞপ্তিতে জানান, ছড়িয়ে পড়া তথ্যটি অসত্য ও অপপ্রচার। তিনি বলেন, “সবাইকে অনুরোধ করছি, এ সংক্রান্ত বিষয়টিকে গুজব হিসেবে বিবেচনা করুন। এর কোনো সত্যতা নেই।”
তিনি আরও উল্লেখ করেন, পদত্যাগ বা সরকারের নীতি নির্ধারণী সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা এভাবে ছড়িয়ে পড়বে না; বরং তা যথাসময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানানো হবে।
গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।