উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি, মিশিগান (ইউএসএ): দীর্ঘ এক বছরের নাটকীয় আইনি লড়াই শেষে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক (Hamtramck) সিটির প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র হতে যাচ্ছেন তিনি। আদালতের নির্দেশে বাদ পড়া ৩৭টি অনুপস্থিত (অ্যাবসেন্টি) ব্যালট পুনরায় গণনার পর ১২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। ঐতিহাসিক এই বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানসহ পুরো উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দের বন্যা বইছে।
আদালতের নির্দেশে পুনর্গণনার পর মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং বর্তমান মেয়র আদম আল-হারাবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। ফলে ১২ ভোটের সুস্পষ্ট ব্যবধানে জয়ী হন মুহিত মাহমুদ।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৪ নভেম্বরের নির্বাচনে। ওই নির্বাচনে মুহিত মাহমুদ প্রথমে মাত্র ১১ ভোটে পিছিয়ে ছিলেন। তবে কিছু বিতর্কিত ব্যালট অন্যায়ভাবে বাতিল করা হয়েছে দাবি করে তিনি আদালতের দ্বারস্থ হন। মিশিগান কোর্ট অব আপিলস এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বাতিল হওয়া ব্যালটগুলো গণনার নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে ভোটগুলো গণনা করা হলে ফলাফলে চমকপ্রদ পরিবর্তন আসে এবং তিনি এগিয়ে যান।
ভোটে জয়ী হলেও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল প্রত্যয়ন (Certified) হওয়া এখনও বাকি। এ ছাড়া হ্যামট্রাম্যাক সিটির বাসিন্দা হিসেবে তাঁর প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে একটি পৃথক আইনি চ্যালেঞ্জ রয়েছে, যার শুনানি আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। আদালতের এই পর্যালোচনার পরেই চূড়ান্তভাবে ফল ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সন্তান মুহিত মাহমুদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় মুখ। এর আগে ২০২২ সালে তিনি হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিল সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সামাজিক সংগঠন 'গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড ইউএসএ'-এর প্রতিষ্ঠাতা সভাপতি।
মুহিত মাহমুদের এই অবিস্মরণীয় সাফল্যে পুরো উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। কমিউনিটি নেতারা মনে করছেন, এই বিজয় মূলধারার মার্কিন রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের প্রভাব ও অবস্থানকে আরও সুদৃঢ় করবে।