প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে দুর্গম চরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি:
দুধকুমার ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম দ্বীপ চর রাউলিয়া। চারদিকে থৈথৈ পানি আর বালুচরের দীর্ঘ পথ হেঁটে স্কুলে আসে কোমলমতি শিশুরা। চরম দারিদ্র্য ও প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে পড়ালেখা চালিয়ে যাওয়া এসব শিক্ষার্থীর মুখে ফুটেছে আনন্দের হাসি। জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ, কুড়িগ্রামের উদ্যোগে ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ, কুড়িগ্রামের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “কুড়িগ্রামে দারিদ্র্যের হার বর্তমানে ৭০ দশমিক ৮ শতাংশ। এই দারিদ্র্যের হার কমাতে হলে জেলার সাড়ে ৮ শত বর্গকিলোমিটার জুড়ে থাকা ৪ শতাধিক চরের সাড়ে ৫ লাখ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ছাড়া এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে ফেলে পুরো জেলার সার্বিক উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “জেলায় ১ হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নদী তীরবর্তী ও চরাঞ্চলে রয়েছে ১৬৯টি স্কুল। কিন্তু নদীভাঙনে চরের শিক্ষা খাত মারাত্মক হুমকিতে পড়েছে। সম্প্রতি যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ঝরে পড়া রোধে চরাঞ্চলে জরুরি ভিত্তিতে ‘ভাসমান স্কুল’ প্রতিষ্ঠা করা প্রয়োজন।”
চরাঞ্চলের মাধ্যমিক শিক্ষা সংকটের চিত্র তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, চরে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক শিক্ষা শেষ করেই মেয়েদের বাল্যবিয়ে ও ছেলেদের শিশুশ্রমে যুক্ত হতে হচ্ছে। পর্যাপ্ত মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের পাশাপাশি পাহাড়ি অঞ্চলের মতো চরাঞ্চলের সুনির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য দ্রুত ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের জোর দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল আখের, মহিলাবিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোঃ নওশাদ এবং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রফিউল হক, ক্রীড়া সংগঠক শাহনুর আশরাফ জুয়েল, ঘোগাদহ ইউনিয়ন চর উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। দুর্গম চরের স্কুলে নতুন ব্যাগ ও উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।