প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীদের অন্যতম শীর্ষ সংগঠন ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ই অক্টোবর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় ৪ শতাধিক ডেলিগেটস, অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী ২০২৬-২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর প্রেসিডেন্ট (সভাপতি), এম আশরাফ মিয়া জেনারেল সেক্রেটারি (সাধারণ সম্পাদক) এবং হেলেন ইসলাম ট্রেজারার (কোষাধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস-এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্ট-এর চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফী ও সৈয়দ সায়েম করিমসহ ১০টি রিজিওনাল ও ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলার এ কে এম হেলাল, কাউন্সিলার গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান, সংগঠনটির উপদেষ্টা মাসুদ চৌধুরী, আলহাজ্ব সুরাবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাংবাদিক সাহেদ রহমান, সাংবাদিক সাজিদুর রহমান ও আজিজুল আম্বিয়া।
ম্যাগাজিন প্রকাশ ও সাংস্কৃতিক আয়োজন
সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি দৃষ্টিবান্ধব স্মরণিকা ও ম্যাগাজিন উন্মোচন করা হয়। ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন হেলেন ইসলাম, সৈয়দ সায়েম করিম, নূরজাহান শিল্পী, শাহ শাফী ও আব্দুর রহিম রনজু। সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীত, ঐতিহ্যবাহী সিলেটি গান, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রবাসের মাটিতে একখণ্ড সিলেটের আবহ তৈরি করা এই আয়োজনে ছিল রকমারি সুস্বাদু খাবারের ব্যবস্থাও।
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের ৫ দফা দাবি
সম্মেলন থেকে প্রবাসী সিলেটিদের অধিকার ও সিলেটের সার্বিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
১. সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট দ্রুত চালু করা।
২. বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে হ্রাস করা।
৩. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট নিরসন ও যাত্রী হয়রানি স্থায়ীভাবে বন্ধ করা।
৪. ঢাকা-সিলেট ৬-লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা।
নবনির্বাচিত নেতৃত্বের অঙ্গীকার
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, "লিডারশিপ মানে ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই হবে আমাদের মূল লক্ষ্য।"
সম্মেলনে আগত অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ দূর-দূরান্ত থেকে আসা সকলকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী সিলেটবাসীকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধ থেকে সামাজিক ও মানবিক কল্যাণে কাজ করার আহ্বান জানান।