প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল
সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার জেরে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবগামী অন্তত ১০০টি ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে প্রায় ১৫ হাজার ৩৯৩ জন প্রবাসী যাত্রী চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষের দিকে, তারা মারাত্মক উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
বেবিচক সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া ১০০টি ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৭টি ফ্লাইট রয়েছে।
বর্তমানে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে তাদের সব ধরনের ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। তবে মদিনা ও জেদ্দা বিমানবন্দরে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক রয়েছে।
ভোগান্তি কমাতে সরকারের নির্দেশনায় এয়ারলাইন্সগুলো যাত্রীদের বিনা খরচে টিকিট পরিবর্তনের সুযোগ দিচ্ছে। রিয়াদ ও দাম্মামের যাত্রীদের বিকল্প হিসেবে মদিনা ও জেদ্দা বিমানবন্দরের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। তবে এসব বিকল্প রুটেও তীব্র আসনসংকট দেখা দিয়েছে, ফলে অনেকেই ফ্রি টিকিট রি-ইস্যু করেও সঙ্গে সঙ্গে ফ্লাইট নিশ্চিত করতে পারছেন না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ একবারে শেষের দিকে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প ফ্লাইটে আসন বরাদ্দ দেওয়া হচ্ছে। অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে কখনো কখনো ওভারবুকিংয়ের মতো পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে ইমিগ্রেশন পার হওয়ার পরও ফ্লাইট না থাকায় কিছু যাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে, তবে পরবর্তীতে বিকল্প ব্যবস্থা করে তাদের পাঠানোর প্রক্রিয়া চলছে।
এয়ারলাইন্স-সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যমান রুটে আগের থেকেই নিয়মিত বুকিং থাকায় বাতিল হওয়া প্রবাসীদের তাৎক্ষণিকভাবে বিকল্প আসন দেওয়া কঠিন হয়ে পড়েছে। দ্রুত সংকট নিরসনে অতিরিক্ত বিশেষ ফ্লাইট কিংবা বিকল্প রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর তাগিদ দিচ্ছেন ভুক্তভোগী যাত্রীরা।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।