উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন (Paterson) শহরে ২০২১ সালে নিজ
গাড়িতে বসা অবস্থায় ২৫ বছর বয়সী এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় দুই
ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে জুরি বোর্ড। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এই
চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হয়।
দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যক্তি হলেন— ২৫ বছর বয়সী জেফারসন গঞ্জালেজ এবং ২৯ বছর বয়সী এলভিস ডিজেসুস। উভয়ের বাড়িই প্যাটারসন শহরে।
মামলার
বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ২ ডিসেম্বর রাতে প্যাটারসনের ইস্ট ২৪
স্ট্রিটের একটি বাড়ির সামনে নিজের গাড়িতে বসেছিলেন জেসমিন ওয়েল (২৫) নামের
ওই তরুণী। এ সময় অতর্কিত গুলিবর্ষণের শিকার হন তিনি। পরে পুলিশ তাকে
উদ্ধার করে সেন্ট জোসেফ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে
গত ৪ আগস্ট জুরি নির্বাচন শুরু হয়। শুনানিতে প্যাটারসন পুলিশ, পাসাইক
কাউন্টি প্রসিকিউটর অফিসের তদন্তকারী কর্মকর্তা, রাজ্য পুলিশের ফরেনসিক
বিশেষজ্ঞ এবং মেডিকেল অফিসারের প্রতিনিধিরা সাক্ষ্য দেন। প্রায় তিন দিন ধরে
জুরিদের আলোচনার পর গত মঙ্গলবার দুই আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ
প্রমাণিত হয়। তবে মামলার অপর আসামি ক্রিশ্চিয়ান গঞ্জালেজ সব অভিযোগ থেকে
খালাস পেয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রথম ডিগ্রি হত্যা
প্রমাণিত হওয়ায় জেফারসন গঞ্জালেজ ও এলভিস ডিজেসুসের প্রত্যেকের ৩০ বছর থেকে
যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া অস্ত্র আইন ও আলামত নষ্টের অভিযোগে
তাদের আরও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হতে পারে। আগামী ২০২৭ সালের ৪ জানুয়ারি
এই মামলার চূড়ান্ত সাজার দিন ধার্য করা হয়েছে।