উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে সফররত জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber) হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার শেষে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম আনুষ্ঠানিকভাবে পর্যটকের হাতে ল্যাপটপটি তুলে দেন। অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন ক্রিল। গত ৭ অক্টোবর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাটোর রেলওয়ে স্টেশনে অবস্থান করছিলেন তিনি। স্টেশনের ওয়েটিং রুমে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে মালামাল না পেয়ে নাটোর সদর থানায় লিখিত অভিযোগ জানান। ল্যাপটপটিতে তাঁর বিগত ছয় মাসের গুরুত্বপূর্ণ তথ্য ও ডকুমেন্টস সংরক্ষিত ছিল।
অভিযোগ পাওয়ার পর নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ একাধিক টিম অভিযানে নামে। গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার ‘নূর ক্লোথিং স্টোর’ থেকে ল্যাপটপটি (ম্যাকবুক) উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ল্যাপটপ ফেরত পেয়ে ক্রিল বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং তাঁর বাংলাদেশ ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন।
এদিকে, বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর রহমান ও সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে বিশেষ আর্থিক পুরস্কারে ভূষিত করেন আইজিপি। একই সাথে পুলিশের প্রতিটি ইউনিটকে দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা প্রদান, পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত এবং জনমুখী পেশাদার পুলিশিং সেবা অব্যাহত রাখার কঠোর নির্দেশ দেন তিনি।